“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) তোফাজ্জল হোসেন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান এবং বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মিরা দেবনাথ প্রমুখ।
নারী সংগঠক ফুলে জান্নাত সুরভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ, সেইভ দ্য চিলড্রেন, আহছানিয়া মিশন, সিআইপিআরবি, কোডেক, বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থা এবং বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 



















