বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, ১৮ মার্চ ২০২৬ তারিখে আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় ছোটাছুটি ও প্রাণ বাঁচানোর চেষ্টা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। গুরুতর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
এইচ এম রুহুল আমিন 





















