বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি কুটার কুড়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ৬নং ওয়ার্ডে মোঃ রাসেল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রাসেল হাওলাদার জানান, একই বংশের লোকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি জবরদখলের চেষ্টা ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের একটি বড় কুটার কুড়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কুড়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রাসেল হাওলাদার অভিযোগ করেন, তার ভাই মোঃ রাজীব হোসেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে প্রতিদ্বন্দ্বী পক্ষ তাদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রবিবার রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
মোঃ সাব্বির হোসেন 



















