বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি এলাকার জোড়া আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং পিলারগুলো দুর্বল হয়ে পড়ায় পুরো কাঠামো নড়বড়ে অবস্থায় রয়েছে। নিরাপত্তা রেলিং অনেক আগেই ভেঙে গেছে, আর মাঝখানের একাধিক স্থানে সিমেন্টের ঢালাই উঠে গিয়ে বড় বড় ফাটল ও গর্ত সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছেন। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দাড়িয়াল ইউনিয়নের সাপ্তাহিক হাট-বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভূমি অফিসে যাতায়াতের জন্য এই ব্রিজই একমাত্র ভরসা।
ব্রিজের মাঝখানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। নড়বড়ে অবস্থার কারণে কোনো পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ছাড়া ইউনিয়নের অন্তত তিনটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ মিরাজ হোসেন বলেন, “রাতে ব্রিজ দিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। পর্যাপ্ত আলো না থাকায় ফাঁকফোকর দেখা যায় না। ইতোমধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন।”
দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান জানান, ব্রিজটির বেহাল অবস্থার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এদিকে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদ বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে একটি প্রকল্পের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার 



















