কলসকাঠী ইউনিয়নের সর্ব বাগদিয়া গ্রামের চালতা তলা ব্রিজ থেকে আর্শেদের খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির পুনঃসংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি)-এর তত্ত্বাবধানে এবং মেসার্স এস এম ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৯৫৬ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই সড়কের মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় ঠিকাদার নিম্নমানের ইট খোয়া ব্যবহার করছে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে।
গ্রামবাসীরা জানান, জনগণের ট্যাক্সের অর্থে নির্মিত এই সড়কে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। তারা মনে করেন, কাজের মান নিশ্চিত করতে স্থানীয়দের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে বাগদিয়া গ্রামের সচেতন মহল ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কলসকাঠী ইউনিয়নের ইটভাটা মালিকদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে—যেন কোনোভাবেই নিম্নমানের বা “২ নম্বর” ইট ঠিকাদারের কাছে সরবরাহ না করা হয়।
স্থানীয়দের ভাষ্য,“এই রাস্তা আমাদের—এর মান নিশ্চিত করার দায়িত্বও আমাদেরই।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং কাজের গুণগত মান নিশ্চিতের দাবিতে এলাকাবাসী জোরালো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্ট 



















