প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় বাকেরগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে শ্রীমন্ত নদী থেকে প্রবাহিত কৃষ্ণকাঠী নাপিতখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সর্বত্র উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটির নাব্যতা সংকট ও ভরাট অবস্থার কারণে কৃষিকাজ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুনঃখননের ফলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ জহিরুল ইসলাম 



















