বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), তার ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার বর্তমানে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হলেও উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই দেলোয়ার হোসেনের ভাগিনা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা উজ্জ্বল হাওলাদার (৩৫) ও কালাম হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ শাহিন মিরা 



















