পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশনের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে শ্রেণিকক্ষগুলোতে ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান গরমে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ক্লাস করা কঠিন হয়ে পড়েছে।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত সমস্যাটির সমাধানের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ উদ্দিন-এর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সদস্য এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বকেয়া বিল পরিশোধ ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা হবে এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।
এইচ এম রুহুল আমিন 




















