বাকেরগঞ্জে আলোচিত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান (৪০)কে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১৩ জুন) রাতে ঢাকার ডেমরা থানার বড়ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোছনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিলন খানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত সজিবের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সজিব মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে মিলন খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মিলন খান পলাতক ছিলেন। অবশেষে প্রায় আড়াই মাস পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
মোঃ এনামুল হক 



















