বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে ৪০০টি হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গারুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কোনো মানুষ যাতে খাদ্য সংকটে না ভোগে, সে লক্ষ্যে সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের আন্তরিক প্রচেষ্টা ও তদারকির ফলে বাকেরগঞ্জের প্রতিটি ইউনিয়নে সরকারের এই সহায়তা কর্মসূচি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে গারুড়িয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মোঃ জুলহাস হোসেন 



















