বরিশাল নগরীতে চলাচলকারী তিন চাকার যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় ও কথিত সিন্ডিকেট কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বরিশাল সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক বিলকিস জাহান শিরিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং একটি স্মারকলিপি প্রদান করে।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী তিন চাকার যানবাহনগুলো একটি অসাধু সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
এ সময় মাননীয় প্রশাসক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং আগামীকালের মধ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বরিশাল সিটি করপোরেশন থেকে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। বরং এটি একটি অসাধু চক্র বা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রশাসক বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষায় এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে, শিক্ষার্থীদের প্রতিনিধি দল বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে দুইটি নতুন বাস সংযোজনের দাবিও উত্থাপন করে। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে পূর্বে আলোচনা করা হলে তিনি প্রতিটি বিভাগের প্রধান ও চিফ ইনস্ট্রাক্টরদের মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে বিষয়টি বোর্ডে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসনের সদিচ্ছা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় খুব শিগগিরই নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাঙ্ক্ষিত পরিবহন সুবিধাও নিশ্চিত হবে।
শিক্ষার্থীরা বলেন, সাধারণ মানুষের স্বার্থে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই।
এইচ এম রুহুল আমিন 



















