বাকেরগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাতা আজিম চৌকিদার (৩৫)-এর বিরুদ্ধে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে গত শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।
ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, ঘটনার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধরও করা হয়।
অভিযুক্তের স্ত্রী রেক্সোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তিনি দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাঁকে জোরপূর্বক ধর্ষণ করার পর স্থানীয়দের উদ্যোগে তাঁদের বিয়ে দেওয়া হয়। এছাড়া তাঁর আগের সংসারের আট বছর বয়সী কন্যাসন্তানকেও আজিম একাধিকবার যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্তের মা নাজমা বেগমও ছেলের কর্মকাণ্ডে ক্ষোভ ও লজ্জা প্রকাশ করে বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের সদস্যদের ওপর প্রায়ই নির্যাতন চালায়। অতীতেও একটি শিশুকে ধর্ষণের মামলায় সে কারাভোগ করেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি তাঁর ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালের দুইজন নারী চিকিৎসক ভুক্তভোগীকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় অভিযুক্ত আজিম চৌকিদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি এবং ফরেনসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ ইমরান হোসেন কামাল 



















