জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, জাতির সংকটময় সময়ে দেশের জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও অবদানও জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভায় আরও বলা হয়, জুলাই শহিদ দিবস শুধু স্মরণ নয়, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সত্য তুলে ধরা এবং শহিদদের আদর্শ ধারণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মোঃ জুলহাস হোসেন 



















