পরিবারের কাছে ফিরে যেতে চায় বাকেরগঞ্জের মেয়ে মরিয়ম। একটি ভুল সিদ্ধান্তের কারণে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এই তরুণী এখন নিজের ভুল উপলব্ধি করে বাবা-মা, ভাই-বোন এবং আপনজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মরিয়মের পিতার নাম আব্দুল খালেক এবং মাতার নাম কোহিনুর বেগম। তার বড় ভাই আল-আমিন। এছাড়া ভাই-বোনদের মধ্যে রয়েছেন ঝরনা পারভিন, বাবু, নিপা, জেসমিন ও হানিফা। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
জানা গেছে, একসময় একটি মাদকাসক্ত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন মরিয়ম। পরবর্তীতে ওই ব্যক্তি তাকে ছেড়ে চলে যায়। এরপর নানা প্রতিকূল পরিস্থিতিতে মরিয়ম নিজেও নেশার ভয়াবহ ছোবলে আক্রান্ত হন এবং বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তবে তিনি এখন সেই অন্ধকার জীবন থেকে বেরিয়ে পরিবারের কাছে ফিরে যেতে চান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মরিয়ম বর্তমানে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন। ঢাকার একজন ইউটিউবারের পরিচালিত একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকে তার পরিচয় ও পরিবারের বিষয়ে এসব তথ্য জানা গেছে।
এদিকে শনিবার সকালে সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহন বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি মানবিক আবেদনমূলক পোস্ট প্রকাশ করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বাকেরগঞ্জের অসংখ্য মানুষ নিজেদের ফেসবুক আইডি, পেজ ও বিভিন্ন গ্রুপে পোস্টটি শেয়ার করে মরিয়মের পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরিয়মের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এদিকে গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন দুপুরে পুনরায় ফেসবুকের মাধ্যমে ঘোষণা দেন, তিনি নিজেই বিকেলে কমলাপুর রেলস্টেশনে গিয়ে মরিয়মের সঙ্গে কথা বলবেন এবং তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করবেন।
স্থানীয় সচেতন মহল আশা করছে, সম্মিলিত মানবিক প্রচেষ্টার মাধ্যমে মরিয়ম খুব শিগগিরই তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।
মোঃ জহিরুল ইসলাম 



















