আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান রোমান। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা ও বাকেরগঞ্জের গণমানুষের নেতা আবুল হোসেন খান এমপির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আতাউর রহমান রোমান। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এলাকায় তাঁর একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা।
স্থানীয় রাজনৈতিক কর্মী ও সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও চাপের মুখেও আতাউর রহমান রোমান দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। একই সঙ্গে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তরুণদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা রয়েছে বলে মনে করেন তারা।
সমর্থকদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে আতাউর রহমান রোমান তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মো. আতাউর রহমান রোমান বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে বাকেরগঞ্জের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্তকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে বাকেরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এদিকে আতাউর রহমান রোমানের সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বাকেরগঞ্জের উন্নয়ন, জনসেবা, তরুণদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
মোঃ এনামুল হক 



















