বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ ও বরগুনা আঞ্চলিক সড়কে পাথরবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
আজ সকাল ৯টার দিকে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ ও বরগুনা সড়কের কালিগঞ্জের পূর্বে, রহমগঞ্জের পর বিদ্যুৎ অফিসের সামনে সড়কের খানাখন্দে পাথরবোঝাই একটি ট্রাকের চাকা দেবে যায়। এতে ট্রাকটি সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ে এবং যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ট্রাকটি আটকে যাওয়ার পর থেকে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল থেকে বিকাল ৪টা পেরিয়ে গেলেও ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বর্তমানে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা কোনোরকমে পাশ দিয়ে চলাচল করছে। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং জরুরি প্রয়োজনে চলাচলকারীরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একটি ট্রাকের চাকা দেবে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়া সড়কটির বেহাল অবস্থারই চিত্র তুলে ধরছে।
স্থানীয়দের দাবি, দ্রুত উদ্ধারকারী ব্যবস্থা নিয়ে আটকে থাকা ট্রাকটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হোক। একই সঙ্গে সড়কের খানাখন্দগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মোঃ রাশেদুল ইসলাম 



















