বাকেরগঞ্জে তেঁতুলিয়া নদীর পাড়ে দ্রুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী এলাকার সাধারণ মানুষ।
আজ বাকেরগঞ্জ উপজেলার ৫ নম্বর দূর্গাপাশা ইউনিয়ন ও ধুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, তেঁতুলিয়া নদীর পাড়ে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক পরিবারকে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে জোয়ার ও বর্ষার সময় নদীর পানি বৃদ্ধি পেলেই নতুন করে আতঙ্ক ও দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তেঁতুলিয়া নদীর তীরবর্তী মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। পাশাপাশি নদীভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এলাকাবাসীর একটাই দাবি- “তেঁতুলিয়া নদীর পাড়ে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
মোঃ রাহাত শিকদার 



















