কানাডার টরন্টোতে খুন হয়েছেন ভারতীয় এক নারী। নিহতের নাম হিমাংশী খুরানা (৩০)। এ ঘটনায় সন্দেহভাজন খুনি হিসেবে ৩২ বছর বয়সী আবদুল গফুরিকে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশী খুরানা ও আবদুল গফুরি দুজনেই টরন্টোতে বসবাস করতেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তাঁদের মধ্যে ‘ইন্টিমেট পার্টনার রিলেশনশিপ’ বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
টরন্টো পুলিশের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গত শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে স্ট্রাচান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার আশপাশ থেকে এক নারী নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করা হয়।
পরদিন শনিবার সকালে সাড়ে ৬টার দিকে পুলিশ একটি আবাসিক ভবনের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ হওয়া হিমাংশী খুরানার।
এরপর ঘটনাটির তদন্তের দায়িত্ব নেয় পুলিশের বিশেষ তদন্ত ইউনিট। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, নিহত নারী ও সন্দেহভাজন ব্যক্তি একে অপরের পূর্বপরিচিত ছিলেন।
এ ঘটনায় পুলিশ হিমাংশী খুরানা ও আবদুল গফুরির ছবি প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪ নিউজের প্রতিবেদনে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, “আমরা সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছি, যা ইতোমধ্যে সবার নজরে এসেছে। কেউ যদি এই ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
এদিকে হিমাংশী খুরানার নিহত হওয়ার ঘটনায় টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।
সন্দেহভাজন আবদুল গফুরি কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ বা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি। তবে পুলিশ জানিয়েছে, তিনি টরন্টোতেই বসবাস করতেন।
ডেস্ক রিপোর্টঃ 



















