খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় প্রার্থনা, আনন্দঘন আয়োজন ও পারিবারিক উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত ও আলোকসজ্জা।
বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন গির্জা রঙিন সাজে সেজেছে। তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে হাজারো যিশুভক্ত বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছেন। প্রার্থনায় শান্তি, ভালোবাসা, মানবতা ও ন্যায়ের আহ্বান জানানো হচ্ছে।
গির্জার পুরোহিতেরা বলেন, যিশুখ্রিষ্টের আদর্শ ছিল প্রান্তিক মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, সাম্য ও ন্যায়বিচার। এবারের বড়দিনে তাঁদের প্রার্থনা—বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা ও শান্তির আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্টঃ 



















