বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আইন অমান্য করে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) উপজেলার কলসকাঠী ইউনিয়নের পান্ডব নদীর ঢাপরকাঠী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালিয়ে আসছিল। নিয়মিত অভিযান, জেল-জরিমানা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এইচ এম রুহুল আমিন 



















