বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ উপায়ে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় তাকে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোঃ এনামুল হক 


















