বাকেরগঞ্জ উপজেলার চাটরা গ্রামে অবস্থিত দুধল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফিরজ আলম কবির। দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন জনাব আ. রাজ্জাক বিপ্লব, তিনি-ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দুই দিনব্যাপী এই আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় শশী ফাঁড়ির পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব মোঃ কাজী নজরুল ইসলাম। তিনি দুধল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও দড়িয়াল মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। অনুষ্ঠানের আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
বুধবার সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোঃ খালেকুজ্জামান (বাহাদুর)। কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে কুচকাওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে। এরপর শুরু হয় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও দলীয় নৃত্য পরিবেশনা।
প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। আনন্দঘন এ আয়োজন উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে শিক্ষার্থীদের অভিভাবক ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, দুধল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ সালে এলাকাবাসীর উদ্যোগে ৪ নং দুধল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাটরা গ্রামে প্রতিষ্ঠিত হয়। এটি ৪ নং দুধল ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) 



















