বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে নাঈম খান (বাবু) নামে এক সরকারি কৃষি কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা ও ৫ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নাঈম খান নলছিটি, ঝালকাঠীতে উপসহকারী কৃষি কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় নিজ এলাকায় একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।
নাঈম খানের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে মো. আনিস খান, মোহাম্মদ দেলোয়ার খান, আনোয়ার খান ও আসিফ খান ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে আনিস খান তার সাইড ব্যাগের পকেট থেকে ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে যান বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগীর আরও অভিযোগ, টাকা ছিনিয়ে নেওয়ার পর খেজুর গাছ কাটার দা দিয়ে তাকে কোপানো হয়। এ সময় তার মেজো চাচা ঘটনাস্থলে এগিয়ে এলে আসিফ খান তার গলায় হাত দিয়ে ফাঁস দিয়ে ধরেন এবং আনোয়ার খান ও দেলোয়ার খান ধারালো দা দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত নাঈম খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় বরিশাল সদর থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, একজন সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী আরও বলেন, কোনো নাগরিকের, বিশেষ করে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা উদ্বেগজনক। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোঃ বায়েজিদ আলম 



















