কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করে কনেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) রোববার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও বরযাত্রীরা নববধূকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে মাইক্রোবাসটি জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ করেছেন বরের স্বজনরা।
অভিযোগ রয়েছে, এ সময় যুবকরা মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ জহিরুল ইসলাম 




















