বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাকেরগঞ্জের সন্তান নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে ২০২৬ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপই এবার সর্বোচ্চ দায়িত্বে আসীন হলেন তিনি।
শিক্ষাজীবনে সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম সাদ্দামের পিতার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানীর হাট গ্রামে। পরবর্তীতে তাঁর পিতা খুলনায় বসতভিটা গড়ে তোলায় পরিবারসহ তিনি খুলনাতেই বসবাস করছেন।
ডেস্ক রিপোর্টঃ 


















