জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্ত হয়ে ১০ দলের একটি শক্ত নির্বাচনী সমঝোতা গঠিত হয়েছে। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এত দিন আট দল একসঙ্গে কাজ করে আসছিল। সেই ধারাবাহিকতায় আজ আরও দুটি দল—এনসিপি ও এলডিপি—এই সমঝোতায় যুক্ত হলো।
তিনি জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে। সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে এনসিপির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আট দলের নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এনসিপি শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে।
ডা. শফিকুর রহমান বলেন, ১০ দল মিলে একটি মজবুত নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সারা দেশের ৩০০ আসনের প্রার্থী নির্ধারণ প্রায় সম্পন্ন হয়েছে। সামান্য কিছু বিষয় বাকি থাকলেও মনোনয়ন দাখিলের পরপরই সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন সামনে রেখে তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দেড় মাসেরও কম সময় বাকি। দলগুলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই তাদের প্রত্যাশা। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির আরও বলেন, এখনো সব দলের জন্য সমতল মাঠ তৈরি হয়নি। ভয়-ভীতি, লোভ-লালসা কিংবা কোনো পক্ষের প্রতি আনুকূল্যের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন ও সরকারকে দায়িত্ব পালন করতে হবে। অতীতের মতো ভোটাধিকার হরণ করার কোনো চেষ্টা জাতি বরদাশত করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
আসন সমঝোতার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একক দল আসন বণ্টন করেনি। ন্যায্যতার ভিত্তিতে সবাই সবাইকে আসন ছেড়ে দিয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
এই জোট নির্বাচনী নাকি রাজনৈতিক—এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, এটি দেশ গঠনের জোট, রাজনৈতিক জোট এবং নির্বাচনী সমঝোতা—সবকিছুর সমন্বয়।
সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের পাশে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, তবে তিনি কোনো বক্তব্য দেননি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি জানান, নতুন দুই দল যুক্ত হওয়ায় এটি এখন ১০ দলের নির্বাচনী সমঝোতা হিসেবে পরিচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ সমমনা দলগুলোর নেতৃবৃন্দ।
৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতসহ ১০ দলের নির্বাচনী সমঝোতা ঘোষণা, এনসিপি ও এলডিপি যুক্ত
-
ডেস্ক রিপোর্টঃ - Update Time : ০৮:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ।
- ৭৬ Time View
Tag :
জনপ্রিয় খবর




















