হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার ভোর থেকে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত থাকতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ছিল ১৪.৩ ডিগ্রি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত শৈত্যপ্রবাহ না থাকলেও তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া ও সূর্যের অনুপস্থিতির কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরও তিন-চার দিন থাকতে পারে।
তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। উত্তরাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, কাজ কমে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ। একই সঙ্গে শীতজনিত রোগে হাসপাতালে রোগীর চাপও বেড়েছে।
ডেস্ক রিপোর্টঃ 



















