বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান তার ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ সময় একা থাকলেও এবার তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করার কথা স্পষ্টভাবে জানিয়েছেন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ৬১ বছরে পা রাখা এই অভিনেতা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ তিনি জানান, দু’জনেই এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং পরস্পরের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আমির ও গৌরীর সম্পর্কের রসায়ন এখন মুম্বাইয়ের টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তারা দু’জনেই বর্তমানে একটি সুন্দর সময় পার করছেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট ইতিবাচক। আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘বিয়ের মতো যে নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।’
আমির স্পষ্ট করে দিয়েছেন, সামাজিক আনুষ্ঠানিকতা বা আইনি স্বীকৃতির চেয়ে তাদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও প্রতিশ্রুতিই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের নাম জড়ালেও সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি।
আমিরের নতুন জীবনসঙ্গিনী ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে একজন স্বাবলম্বী নারী। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এক পুত্রসন্তানের জননী এবং বর্তমানে তিনি মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন। তাদের মধ্যে বয়সের ব্যবধান ১৪ বছর হলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই ব্যবধান সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।
আরও জানা গেছে, আমিরের আগের দুই সংসারের সন্তান ও প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও গৌরীর সম্পর্ক বেশ আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ, যা এই নতুন অধ্যায়কে আরও স্থিতিশীলতা দিচ্ছে।
দীর্ঘ অভিনয়জীবনে আমির খান তার কাজ ও ব্যক্তিগত জীবনের সততার জন্য সবসময়ই প্রশংসিত। নতুন এই সম্পর্কের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও আমির জানিয়েছেন, তিনি বর্তমানে মানসিকভাবে শান্ত ও স্থির আছেন।
বিয়ের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনই ঘোষণা না করলেও সময় হলে নিজেই তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন অভিনেতা। আপাতত নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবনের এই নতুন সঙ্গীকে ঘিরেই আমির খানের ব্যস্ততা আবর্তিত হচ্ছে।
ডেস্ক রিপোর্টঃ 
























