বাকেরগঞ্জ উপজেলা কবাই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও কবাই ইউনিয়ন সভাপতি পদপ্রত্যাশী মো. রিগান হাওলাদারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন ও সদস্য সচিব মো. আল-আমিন হাওলাদারের অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিগান হাওলাদারকে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বহিষ্কৃত রিগান হাওলাদারের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান, বরিশাল বিভাগীয় আহ্বায়ক এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, সম্প্রতি বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের ভ্যানচালক সুমন হত্যাকাণ্ডকে ঘিরে রিগান হাওলাদারের নাম আলোচনায় আসে। স্থানীয়ভাবে জানা গেছে, ওই ঘটনাকে কেন্দ্র করেও তার বিরুদ্ধে সাংগঠনিক পর্যায়ে নানা অভিযোগ উত্থাপিত হয়।
বহিষ্কারের বিষয়ে মো. রিগান হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আরিফুর রহমান সোহাগ 


















