যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। একটি গিটারের দোকান থেকে চুরি করা দুটি দামী ম্যান্ডোলিন কয়েক দিনের মাথায় ফেরত দিয়ে গেছেন সেই চোর নিজেই। সঙ্গে রেখে গেছেন হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিরকুট, যেখানে চুরির কারণ হিসেবে উল্লেখ করেছেন—তিনি তখন ‘মাতাল’ ছিলেন।
নিউ জার্সির ‘লার্ক স্ট্রিট মিউজিক’ নামের গিটার দোকানের মালিক বাজি লেভিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানান, গত ২২ ডিসেম্বর এক ব্যক্তি তাঁর দোকান থেকে দুটি ম্যান্ডোলিন চুরি করেন। বাদ্যযন্ত্র দুটির মোট বাজারমূল্য প্রায় ৭ হাজার ৭৫৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। পুরো চুরির দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
লেভিনের শেয়ার করা সেই সিসিটিভি ফুটেজ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। গত বুধবার রাতে চোর চুপিচুপি দোকানের দরজা খুলে দুটি শপিং ব্যাগে করে ম্যান্ডোলিন দুটি রেখে যান এবং দ্রুত সেখান থেকে সরে পড়েন।
দোকানের ফেসবুক পেজে লেভিন লেখেন, ‘চোরটিকে ব্যাগ রেখে পালিয়ে যেতে দেখে আমি দৌড়ে তাঁর পিছু নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি পালিয়ে যান। এরপর আমি পুলিশকে বিষয়টি জানাই।’
ফেরত পাওয়া বাদ্যযন্ত্রের সঙ্গে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম। শুভ বড়দিন। আপনি একজন ভালো মানুষ।’
ঘটনাটি নিয়ে লেভিন বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চারদিক থেকে যে চাপ তৈরি হয়েছিল, তাতে চোর বুঝতে পেরেছিলেন—তিনি ধরা পড়ে যাবেন। পুরো বিষয়টি আমার কাছে যেন কোনো সিনেমার গল্পের মতো মনে হচ্ছে।’
স্থানীয় পুলিশের তদন্ত কর্মকর্তা ক্রিস্টোফার কার্শনার জানিয়েছেন, বাদ্যযন্ত্রগুলো উদ্ধার হলেও চুরির ঘটনাটি এখনো তদন্তাধীন। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অনুতাপ, সামাজিক চাপ আর একটি ছোট্ট চিরকুট—সব মিলিয়ে এই ঘটনাটি নিউ জার্সিতে এখন আলোচনার কেন্দ্রে।
ডেস্ক রিপোর্টঃ 









