বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত লঞ্চঘাটের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার, ২ জানুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লঞ্চঘাটটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখায়েত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ড. এম সাখায়েত হোসেন বলেন, দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হবে। নদীনির্ভর এই জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী। উদ্বোধন উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক লঞ্চঘাটের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন লঞ্চঘাটটি চালু হওয়ায় এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে নদীপথে যাতায়াত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা লঞ্চঘাটের সার্বিক অবকাঠামো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডেস্ক রিপোর্টঃ 



















