দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অসহায় ও দরিদ্র মানুষ। এই প্রেক্ষাপটে “একটি শীতবস্ত্র, একটি হাসিমুখ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া দেউলী গ্রামে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বলেন, “শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।” তিনি সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগে উপকৃত শীতার্ত মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও হাসি।
মোঃ অলিউল্লাহ খাঁন 



















