যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এসব সংস্থার মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
নির্বাহী আদেশে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি যে কোনো আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে দেশটি সরে আসবে।” ট্রাম্প প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান হয় অপ্রয়োজনীয়, নয়তো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিট বা তথ্যপত্র অনুযায়ী, তালিকাভুক্ত সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত এবং ৩৫টি জাতিসংঘের বাইরের আন্তর্জাতিক সংস্থা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব সংস্থা দেশটির জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভূমিকা রাখছে।
এ নির্বাহী আদেশের মাধ্যমে সব সরকারি বিভাগ ও সংস্থাকে যত দ্রুত সম্ভব এসব আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের তালিকায় রয়েছে ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স’ও। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থাটি বৈশ্বিকভাবে সৌর জ্বালানি ব্যবহারে সহযোগিতা করে আসছে।
ট্রাম্পের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডেস্ক রিপোর্ট 









