বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আজ (সোমবার) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। পটুয়াখালী থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান লরি মির্জাগঞ্জ থেকে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবাহী একটি স্কুলবাসকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল ৮টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের আজিমপুর সড়কের মুখে বাসস্ট্যান্ড ব্রিজের দক্ষিণ পাশে স্কুলবাসটি থামিয়ে ছাত্রছাত্রী তোলা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পটুয়াখালীগামী দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্কুলবাসটি প্রায় ৫০ ফুট ছিটকে পেছনে চলে যায়।
দুর্ঘটনায় দুটি গাড়িরই সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে চুরমার হয়ে যায়। স্কুলবাসে থাকা কোমলমতি শিশুরা আকস্মিক এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার শুরু করলেও, সৌভাগ্যবশত সকল শিশু সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
আহতদের হাসপাতালে প্রেরণ, যান চলাচল স্বাভাবিক দুর্ঘটনায় উভয় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাঁটু ও পায়ে আঘাত লেগেছে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের এবং দুই গাড়ির হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
লরি চালকের ঘুম: দুর্ঘটনার কারণ
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যান লরির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পরবর্তীতে, দুর্ঘটনাকবলিত স্কুলবাসের ছাত্রছাত্রীদেরকে অন্য একটি গাড়িতে তুলে তাদের নিজ নিজ স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ডেস্ক রিপোর্টঃ 



















