ত্রয়োদশ জাতীয় নির্বাচন–২০২৬ সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের উদ্যোগে কলসকাঠিতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, বিগত সময়ে স্বৈরাচারী ফ্যাসিবাদের কারণে মানুষ বাকস্বাধীনতা হারিয়েছিল। তিনি আয়নাঘরের মতো টর্চারিং সেলে রেখে মানুষকে নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, সে সময় সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর—সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, তা যেন সবাই ধারণ করে রাখতে পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব উচ্ছেদ এবং নতুন করে যেন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে না পারে—সে ব্যাপারেও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের দিকনির্দেশনা প্রদান করেন।
পথসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারিসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ এনামুল হক 



















