আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৩১ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) কামরুল ইসলাম খান তাঁর নির্ধারিত প্রতীক ‘ফুটবল’ নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গারুড়িয়া ইউনিয়নের রবিপুর ও মেউরের গ্রামে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রচারণাকালে ক্যাপ্টেন (অব.) কামরুল ইসলাম খানকে অত্যন্ত সাধারণ ও বিনয়ী ভঙ্গিতে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
গণসংযোগের সময় তিনি গ্রামের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে অসুস্থ ও বয়োজ্যেষ্ঠদের পাশে বসে খোঁজখবর নেন। এক পর্যায়ে গ্রামের বয়োজ্যেষ্ঠ নারীরা তাঁর মাথায় হাত রেখে দোয়া ও আশীর্বাদ করেন, যা উপস্থিত ভোটারদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। লিফলেট বিতরণকালে তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রচারণা চলাকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররা জানান, একজন সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে এত সহজভাবে সাধারণ মানুষের পাশে পেয়ে তারা আনন্দিত। এ সময় ফুটবল প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়াতে প্রার্থীর সমর্থকরা উৎসবমুখর পরিবেশে স্লোগান ও প্রচারণা চালিয়ে যান।
দিনব্যাপী এ গণসংযোগে নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) কামরুল ইসলাম খানের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
জুলহাস হোসেন 



















