বাকেরগঞ্জে আসন্ন নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে ইনসাফ ও কুরআন-সুন্নাহভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তিনি দাবি করেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাকেরগঞ্জবাসী সঠিক সিদ্ধান্ত নেবে।
সোমবার রাতে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের হাতপাখা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামীর ১২ তারিখের ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। যারা ইনসাফের শরীয়াহ চায় না, তাদের বিরুদ্ধে।” তিনি আরও বলেন, কিছু প্রার্থী প্রতিদ্বন্দ্বী খুঁজে না পাওয়ার কথা বলে অহংকার করছেন উল্লেখ করে সতর্ক করেন, “অহংকার পতনের মূল। হিংসা না করে জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।”
রেজাউল করিম বলেন, বাকেরগঞ্জবাসীর সঙ্গে চরমোনাইয়ের সম্পর্ক নিবিড়। আগামী দিনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মুফতি ফয়জুল করিমকে সংসদে পাঠানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণমিছিল-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, ঝালকাঠী-নলছিটি আসনের সংসদ সদস্য প্রার্থী নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদীসহ স্থানীয় নেতারা।
জনসভা শেষে একটি নির্বাচনী গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার 



















