বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে না; দলটি আপামর জনগণের কল্যাণে রাজনীতি করে। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বাকেরগঞ্জ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের মৌলিক সেবাগুলো গ্রহণ করতে পারবে। তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ টিকিট বাণিজ্যে ব্যস্ত, অথচ নিজেরাই অনিশ্চয়তায় রয়েছে। জনগণ এখন আর ফাঁকা আশ্বাসে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্ম, দল ও মতের মানুষকে নিয়ে বাকেরগঞ্জে উন্নয়নের নজির স্থাপন করবেন। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, এবার সুযোগ এসেছে—সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।
জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 



















