এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ ছিল মুখর। সকাল ও দুপুরের দিকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তারা জানান, সকল কেন্দ্রে ব্যালটের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় শেষে লাইনে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণের পর কেন্দ্রগুলো বন্ধ করা হয়।
এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















