জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের বাকেরগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক খান মোঃ মেহেদী।
১৯৯৭ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৪ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি সময় এক্সপ্রেস নিউজের মাধ্যমে পেশাগত সাংবাদিকতা জীবন শুরু করেন। শখের বসে নয়, বরং দক্ষিণ জনপদের অবহেলিত ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার লক্ষ্য নিয়েই তিনি সাংবাদিকতাকে বেছে নেন।
তার অনুসন্ধানী লিখনিতে সামাজিক পরিবর্তনের নানা দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। সত্যের সন্ধান ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একাধিকবার মামলা-হামলার শিকার হলেও তিনি পিছিয়ে যাননি। তার লেখনির মাধ্যমে বহু গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, পথশিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, চিকিৎসাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা পেয়েছে এবং অসহায় পরিবার ফিরে পেয়েছে স্বাভাবিক জীবন।
ক্ষমতাসীন দুর্নীতিবাজদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ধারাবাহিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরে দৃশ্যমান পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, বধ্যভূমি রক্ষা এবং স্থানীয় ইতিহাস তুলে ধরতেও তার অনুসন্ধানী প্রতিবেদন প্রশংসিত হয়েছে।
এছাড়া সড়ক, রাস্তাঘাট ও সেতুর দুর্ভোগসহ জনপদের নিত্য সমস্যার চিত্র নিয়মিতভাবে তার প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনকে আগের চেয়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক, ঢাকার বার্তার নিউজ এডিটর, প্রতিদিন সংবাদের নিউজ এডিটর, বাকেরগঞ্জ দর্পণের সহ বার্তা সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের নির্বাহী সদস্য হিসেবেও কাজ করে যাচ্ছেন।
সহকর্মীদের মতে, সাহসী ও মানবিক সাংবাদিক হিসেবে খান মেহেদীর এই নতুন দায়িত্ব তার কর্মজীবনে আরও সাফল্য বয়ে আনবে।
স্টাফ রিপোর্টার 























