যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বরিশাল-এর বাকেরগঞ্জে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শ্রদ্ধা নিবেদনের এ মাহেন্দ্রক্ষণে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। সেই আন্দোলনের পথ ধরেই আমরা একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি। নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “বাঙালির জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি এক অনন্য ত্যাগের মহিমায় উজ্জ্বল দিন। শহীদদের রক্তে রঞ্জিত মাতৃভাষা আজ বিশ্ব দরবারে স্বীকৃত। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।”
এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ভাষা শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারিভাবে শ্রদ্ধা নিবেদন শেষে সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ।
স্টাফ রিপোর্ট 



















