বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪নং দুধল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আল্গাচর গ্রামে একটি প্রাকৃতিক খালের ভেতর টয়লেটের সেফটি ট্যাংক স্থায়ীভাবে নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাদের হাওলাদার বাড়ির মসজিদের সামনে মনির হাওলাদার নিয়ম-নীতির তোয়াক্কা না করে খালের মধ্যেই এই স্থাপনা নির্মাণ করছেন।
অভিযোগ রয়েছে, আল্গাচর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই খালের পানি রান্না, গোসলসহ দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে আসছেন। এটি এলাকাবাসীর একমাত্র প্রাকৃতিক পানির উৎস। ফলে খালের ভেতরে সেফটি ট্যাংক নির্মাণকে তারা শুধু অবৈধ দখলদারিত্বই নয়, বরং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন।
স্থানীয়রা জানান, খালের স্বচ্ছ পানি ইতোমধ্যে দূষিত হতে শুরু করেছে। এতে করে মশা-মাছির বংশবিস্তার বাড়ছে এবং ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া সেফটি ট্যাংকের কারণে খালের স্বাভাবিক গতিপথ সংকুচিত হচ্ছে, যা আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
এলাকাবাসীর ভাষ্য, “একটি আদর্শ সমাজে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আমাদের মৌলিক অধিকার। ব্যক্তিগত সুবিধার জন্য জনস্বার্থ বিসর্জন দেওয়া মেনে নেওয়া যায় না।”
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে খালের ভেতরে সেফটি ট্যাংক নির্মাণকাজ বন্ধ, খালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত মনির হাওলাদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) 



















