বাকেরগঞ্জের ৩নং দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামে অবস্থিত কালেঙ্গা জামে মসজিদের জায়গায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। মসজিদের মাঠ দখলের উদ্দেশ্যে একটি পক্ষ কুঁড়েঘর নির্মাণ করে জোরপূর্বক অবস্থান নিয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
মসজিদ কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদের জমি সুরক্ষার জন্য বাউন্ডারি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে একটি মহল এতে বাধা প্রদান করে। ইতোমধ্যে বাউন্ডারি নির্মাণের জন্য ক্রয় করা লক্ষাধিক টাকার ইট, বালু ও সিমেন্ট মাঠে পড়ে রয়েছে, যা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় শরীফ বাড়ির কথিত কিছু ব্যক্তি মসজিদের মাঠ দখল করে সেখানে কুঁড়েঘর স্থাপন করেছেন। এ ঘটনায় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জনৈক সিরাজুল ইসলাম জানান, তার বাবার কেনা সম্পত্তি, তার মায়ের পৈতৃক সম্পত্তি এবং এইচ এম এনায়েত হোসেন পান্না গংদের ক্রয়কৃত যৌথ সম্পত্তি মসজিদের নামে দান করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “মসজিদের বাউন্ডারি নির্মাণে বাধা কেন? একটি পক্ষ কেন মসজিদের মাঠ দখলের পাঁয়তারা করছে?”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মোবাইল ফোনের কথোপকথনের আংশিক রেকর্ডিং উপস্থাপন করে তার মানহানির চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় মুসল্লিরা সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সুরাহা ও ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে স্থানীয়দের সঙ্গে কথা বললেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
এদিকে পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
মোঃ রিয়াজ হাওলাদার 



















