বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজের ঢালে ভয়াবহ বাস দুর্ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাবিবা পরিবহন ও ইসলাম পরিবহন এর দুটি যাত্রীবাহী বাস শিকারপুর ব্রিজের ঢালে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন।
দুর্ঘটনায় উভয় বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহতদের মধ্যে লাবিবা পরিবহনের চালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।
দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ব্রিজসংলগ্ন ঢালের বিপজ্জনক অবস্থা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দিন দিন যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।
সচেতন মহলের দাবি, উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা, মানসম্মত বাস পরিচালনা, দক্ষ চালক নিয়োগ এবং দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করার পাশাপাশি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
মোঃ ইমরান হোসেন কামাল 









