আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশি থাকছে। তবে আজ মাত্রা অনেকটা কমেছে।
রোববার (১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।
এই শহরের বায়ুমানের স্কোর ১৭৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ২৪৭, যা খুব অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর ১৩১ স্কোর নিয়ে তালিকার ১১তম অবস্থানে রয়েছে।
এদিকে, ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ষষ্ঠ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার ১৭০। বায়ুমানের দুটি স্কোরই অস্বাস্থ্যকর।
এছাড়া ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উজবেকিস্তানের তাসকেন্ট।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ডেস্ক রিপোর্টঃ 























