পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরতে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ ২০২৬) বিকাল ৫টায় স্থানীয় এম আনার হোসেন সিকদারের বাড়ির উঠানে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফররুদ্দিন খান রাহি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুনবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং দল মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফিরোজ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ নিজাম উদ্দিন খান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ধৈর্য, সংযম ও ইবাদতের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এইচ এম রুহুল আমিন 



















