বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ট্রলারে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তৎপরতায় একটি গরু ও ট্রলার জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শ্রীমন্ত নদী দিয়ে একটি ট্রলারে করে গরু নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। পরে তারা ট্রলারটি আটকানোর চেষ্টা করলে চোর চক্রের সদস্যরা গরুসহ ট্রলার ফেলে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, চোর চক্রটি গারুড়িয়া এলাকা থেকে গরু চুরি করে শ্রীমন্ত নদী পার হয়ে পায়রা নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়, তবে ট্রলার ও গরুটি আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার ও গরুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চোর চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মোঃ সাব্বির হোসেন 



















