পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ব্যাপক যাত্রা। সরকারি ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন লাখো মানুষ।
বিশেষ করে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময় কাটানোর আকাঙ্ক্ষা মানুষকে আরও বেশি করে টেনে নিচ্ছে নিজ নিজ গ্রামে। অনেকেই বলছেন, বছরজুড়ে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া হয় না, তাই ঈদের এই কয়েকদিনই হয়ে ওঠে প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার সবচেয়ে বড় উপলক্ষ।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালসহ বিভিন্ন পরিবহন কাউন্টারগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। টিকিট সংগ্রহ ও নির্ধারিত সময়ে গাড়িতে ওঠার জন্য যাত্রীরা ভোর থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে অনেককে।
সব মিলিয়ে রাজধানী এখন ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের টানে মানুষ ছুটে চলেছে গ্রামের পথে—গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ।
মোঃ রাকিব খান 









