বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম সজিব (২৪) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সজিবের পরিবার, সহপাঠী, বন্ধু, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা সজিব হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে সজিবকে পিটিয়ে হত্যা করা হলেও এখনো পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, পুলিশ উল্টো আসামিপক্ষের প্রভাবে নিহতের পরিবারকে হয়রানির উদ্দেশ্যে ১০ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, সজিব হত্যা মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সকাল ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সজিবসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্টাফ রিপোর্টার 






















