বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ পৌর শাখার উদ্যোগে জনসংযোগ সপ্তাহ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় পৌরসভার ২নং ওয়ার্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাকেরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম।
সভায় বক্তারা জনগণের অধিকার, ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌরসভার কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা অপব্যবহার করে জনগণের রায়কে অবজ্ঞা করা হচ্ছে। তিনি দাবি করেন, সরকারের বর্তমান অবস্থান দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বায়তুল মাল সম্পাদক মাস্টার মোঃ আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি ও শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হাদি।
স্টাফ রিপোর্টার 



















